এইচএসসি ২০২২ বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (চট্টগ্রাম বোর্ড)

HSC 2022 Chattogram Board bangla 2nd paper question & solution

এইচএসসি চট্টগ্রাম বোর্ড ২০২২ বাংলা ২য় পত্র প্রশ্নসহ উত্তর মালা (ব্যাকরণ অংশ)

সময় : ২ ঘণ্টা                পূর্ণমান: ৫০

১. ক) উদাহরণসহ বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো। ৫

বাংলা উচ্চারণের ৫টি নিয়ম:
১. শব্দের আদ্য ‘অ’-এর পর ই-কার থাকলে ‘অ’-এর উচ্চারণ ‘ও’-এর মতো হয়। যেমন: অভিধান (ওভিধান্), ছবি (ছোবি।
২. অন্ত্য ‘অ’-এর আগে অনুস্বার (ং) বা বিসর্গ (ঃ) থাকলে সেই ‘অ’-এর উচ্চারণ ‘ও’-এর মতো হয়। যেমন: অংশ (অঙ্ শো), দুঃখ (দুক্ খো)।
৩. আদ্য ‘অ’-এর পর ‘ক্ষ’ থাকলে সে ‘অ’-এর উচ্চারণ সাধারণত ‘ও’-এর মতো হয়। যেমন: দক্ষ (দোক্ খো), লক্ষণ (লোক্ খোন্)।
৪. শব্দের আদ্য ব্যঞ্জনবর্ণে ‘ম’ ফলা যুক্ত হলে সেই ‘ম’ অনুচ্চারিত থাকে। যেমন: স্মরণ (শঁরোন্), শ্মশান (শঁশান্)।
৫. শব্দের শেষে যুক্তব্যঞ্জন থাকলে শেষের ‘অ’ সাধারণত ‘ও’ রূপে উচ্চারিত হয়।
যেমন: বক্ষ (বোক্ খো), শক্ত (শক্ তো)।

অথবা, খ) বানান শুদ্ধ করে লেখো (যেকোনো পাঁচটি):

অশুদ্ধ বানান = শুদ্ধ বানান
সমিচিন =>সমীচীন
বিভিষন => বিভীষণ
অপেক্ষামান => অপেক্ষমাণ
পূননির্মান => পুনর্নির্মাণ
ঐক্যমত => ঐকমত্য
প্রতিযোগীতা => প্রতিযোগিতা
স্বামীগৃহ => স্বামিগৃহ
কটুক্তি => কটূক্তি

২. ক) উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগ আলোচনা করো। ৫

আবেগ ও এর শ্রেণিবিভাগ :

আবেগ:
মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলা হয়। যেমন: ছি ছি, আহা, বাহ্, শাবাশ, হায় হায় ইত্যাদি।

নিচে বিভিন্ন ধরনের আবেগ শব্দের প্রয়োগ দেখানো হলো।

১. সিদ্ধান্ত আবেগ:
এ জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয়। যেম: হ্যাঁ, আমাদের জিততেই হবে। বেশ, তবে যাওয়াই যাক।

২. প্রশংসা আবেগ:
এ ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন: শাবাশ! এমন খেলাই তো চেয়েছিলাম। বাহ! চমৎকার লিখেছ।

৩. বিরক্তি আবেগ:
এ ধরনের শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন: ছি ছি! এরকম কথা তার মুখে মানায় না। জ্বালা! তোমাকে নিয়ে আর পারি না।

৪. আতঙ্ক আবেগ:
এ ধরনের আবেগ-শব্দ আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ করে। যেমন: উহ্, কী বিপদে পড়া গেল। বাপরে বাপ! কী ভয়ঙ্কর ছিল রাক্ষসটা।

৫. বিস্ময় আবেগ:
এ ধরনের শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে। যেমন; আরে! তুমি আবার কখন এলে? আহ্, কী চমৎকার দৃশ্য।

৬. করুণা আবেগ:
এ ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে। যেমন: আহা! বেচারার এত কষ্ট। হায় হায়! ওর এখন কী হবে।

৭. সম্বোধন আবেগ:
এ ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন: হে বন্ধু, তোমাকে অভিনন্দন।
ওগো, তোরা জয়ধ্বনি কর।

৮. অলংকার আবেগ:
এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্যে অলংকার হিসেবে ব্যবহৃত হয়। যেমন: দুর! এ কথা কি বলতে আছে? যাকগে, ওসব কথা থাক।

অথবা, খ) ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো (যেকোনো পাঁচটি)

প্রদত্ত শব্দ = ব্যাসবাক্য = সমাসের নাম
রক্তনদী = রক্ত রূপ নদী = রূপক কর্মধারয় সমাস
দোটানা = দুই দিকে টান যার = বহুব্রীহি সমাস
উচ্ছৃঙ্খল = শৃঙ্খলাকে অতিক্রান্ত = অব্যয়ীভাব সমাস
বইপুস্তক = বই ও পুস্তক = দ্বন্দ্ব সমাস
কুম্ভকার = কুম্ভ করে যে = উপপদ তৎপুরুষ সমাস
সেতার =সে (তিন) তার আছে যে যন্ত্রের = বহুব্রীহি সমাস
যুগান্তর  = অন্য যুগ = নিত্য সমাস
কানাকানি = কানে কানে যে কথা = ব্যতিহার বহুব্রীহি

৩. ক) গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? উদাহরণসহ বাক্যের প্রকারভেদ আলোচনা করো। ৫

গঠনগত দিক দিয়ে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়: সরল, জটিল ও যৌগিক।

১) সরল বাক্য:
একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। যেমন: জেসমিন সবার জন্য চা বানিয়েছে।

২) জটিল বাক্য:
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়। যেমন: যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।

৩) যৌগিক বাক্য:
এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে। যেমন: রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।

অথবা, খ) নিচের বাক্যগুলো শুদ্ধ করে লেখো (যে কোনো পাঁচটি)

প্রদত্ত বাক্য =>শুদ্ধ বাক্য
i. স্যারের কথা প্রমাণ হয়েছে।
=>স্যারের কথা প্রমাণিত হয়েছে।
ii. একের লাঠি দশের বোঝা।
=>দশের লাঠি একের বোঝা।
iii. সকাল সকাল চারাগুলো বপন করা হয়ে গেল।
=>সকাল সকাল চারাগুলো রোপণ হয়ে গেল।
iv. অপরাহ্ন লিখতে কেউ কেউ ভুল করে।
=>অপরাহ্ণ লিখতে কেউ কেউ ভুল করে।
v. সকল ছাত্ররাই দেশের ভবিষ্যৎ।
=>ছাত্ররাই দেশের ভবিষ্যৎ।
vi. প্রাণীবিজ্ঞানের তিনজন শিক্ষকই গুণীসমাবেশে যাবেন।
=>প্রাণিবিজ্ঞানের তিনজন শিক্ষকই গুণীসমাবেশে যাবেন।
vii. বেপরোয়া গাড়ি চালাবেন না।
=>বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না।
viii. সকাল হইতে বৃষ্টি হচ্ছে।
=>সকাল হতে বৃষ্টি হচ্ছে।

এইচএসসি চট্টগ্রাম বোর্ড ২০২২ বাংলা ২য় পত্র (নির্মিতি অংশ)

৪. ক) পারিভাষিক শব্দ লেখো (যে কোনো পাঁচটি) ৫

প্রদত্ত শব্দ =>পারিভাষিক শব্দ
Accessories =>আনুষঙ্গিক উপকরণ
Autograph =>স্বাক্ষর, স্বলেখন
Caption =>শিরোনাম, আখ্যান
Fiction =>কল্পকাহিনি
Estimate =>প্রাক্কলন
Virus =>জীবাণু
Guilty =>দোষী
Hygiene =>স্বাস্থ্যবিধি

অথবা, খ) অনুবাদ করো:
He who loves his country is a patriot. The patriots love their country more dearly than their lives. They are ready to lay down their lives for the welfare of their country. Everybody honours them. They live even after their death.

বঙ্গানুবাদ :
যিনি নিজের দেশকে ভালোবাসেন তিনিই দেশপ্রেমিক। দেশপ্রেমিকরা নিজের জীবনের চেয়েও দেশকে বেশি ভালোবাসেন। দেশের কল্যাণের জন্য তাঁরা তাঁদের জীবন দিতেও প্রস্তুত। সকলেই তাঁদের সম্মান করে। মৃত্যুর পরও তাঁরা বেঁচে থাকেন।

৫. ক) একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে “কম্পিউটার অপারেটর” পদে চাকরির জন্য আবেদনপত্র রচনা করো। ১০

অথবা, খ) “মেঘনায় লঞ্চডুবি: ৩০০ জনের সলিল সমাধি” শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো।

৬. ক) সারমর্ম লেখো: ১০

বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না যেন করি ভয়।

দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা
দুঃখ যেন করিতে পারি জয়।

সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা,
নিজের মনে না যেন মানি ক্ষয়।

আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা
তরিতে পারি শকতি যেন রয়

অথবা, খ) ভাব-সম্প্রসারণ করো:
রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।

৭. ক) ‘করোনাকালে অনলাইন শিক্ষাকার্যক্রম’ বিষয়ে দু’জন শিক্ষার্থীরা সংলাপ রচনা করো। ১০

অথবা, খ) প্রদত্ত সংকেতটি পড়ে শিরোনামসহ একটি খুদেগল্প রচনা করো:
এইখানে আসলে থমকে যায় নাদিমের মনটা। দশ বছর আগে ঠিক এখানেই বাবার সাথে তার শেষ দেখা হয়েছিল।………

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

এইচএসসি ব্যাকরণ অংশের টোপিক ভিত্তিক বোর্ড প্রশ্ন সমাধান একসাথে (২০১৬-২০২৪)

এইচএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০১৮-২০২৪)

এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন  ও সমাধান (২০২০-২৫)

মাদ্রাসা বোর্ডের দাখিল বাংলা ২য় প্রশ্ন ও সমাধান (২০২০-২০২৫)

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন  (২০০৮-২০২৫)

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top