Cadet College Admission 2025 Bangla Question
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন ২০২৫
পূর্ণমান ৬০
বাংলা
১. সঠিক উত্তরটি লেখ: ১x৫=৫
ক. নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়-
i. গ্রীষ্মকাল
ii. বর্ষাকাল
iii. শীতকাল
iv. বসন্তকাল
খ. নিচের কোনটি প্রকৃতি শব্দের প্রতিশব্দ?
i. ধরণি
ii. নির্ঝর
iii. প্রভৃতি
iv. নিসর্গ
গ. মোড়লকে বাঁচাতে রহমত প্রথমে কী নিয়ে আসতে চায়?
i. হিমালয়
ii চন্দ্র
iii. নক্ষত্র
iv. সমুদ্র
ঘ. আমার বাড়ি কবিতায় কোন ফুলের হাসির কথা বলা হয়েছে?
i. কদম
ii. ডালিম
iii. মৌরী
iv. কবর
ঙ. এমন ধরা গলায় গান করা যায় না- এখানে ধরা শব্দটির অর্থ কী?
i. অভ্যাস
ii. পছন্দ
iii. বিকৃত
iv. আরম্ভ
২. এক কথায় উত্তর লেখ: ১×৫=৫
ক. বাতাসের চাপের উপর ভিত্তি করে ‘ছ’ কোন ধ্বনি?
খ. কোন ধরনের গল্পে পশু-পাখিরা মানুষের মত আচরণ করে?
গ. প্রদত্ত বাক্যটির শেষে কোন যতিচিহ্ন বসবে?
কী সুন্দর একটা পাখি যাচ্ছে
ঘ. নাটকে চরিত্রগুলোর পারস্পরিক কথোপকথনকে কী বলে?
ঙ. রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম রচনা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
৩. সংক্ষেপে উত্তর দাও: ৩×৫=১৫
ক. একেকটি বাংলা অক্ষর একেকটি বাঙালির জীবন। -ব্যাখ্যা কর।
খ. সর্বনাম কাকে বলে? সাধারণ, মানী ও ঘনিষ্ঠ সর্বনাম ব্যবহার করে তিনটি বাক্য তৈরি কর।
গ. ‘মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না কথাটি কে, কেন বলেছিল? ব্যাখ্যা কর।
৪. নিচের শব্দগুলোর প্রমিত উচ্চারণ লেখ: ১×৫=৫
অঞ্চল, কবিতা, দেশপ্রেম, শ্রাবণ, ষান্মাসিক।
৫. নিচের শব্দগুলোর প্রমিত বানান লেখ:১×৫=৫
বানিজ্য, সাবলম্বী, সক্ষতা, মাধুর্য্য, দুর্নীতি।
৬. সারমর্ম লেখ: ৫
ফুটিয়াছে সরোবরে; কমল নিকর
ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর।
গুণ গুণ গুণ রবে কত মধুকরে,
কেবল পুলকে তারা মধু পান করে,
কিন্তু এরা হারাইবে এ দিন যখন;
আসিবে কি অলি আর করিতে গুঞ্জন?
আশায় বঞ্চিত হলে আসিবে না আর,
আর না করিবে এ মধুর ঝংকার;
সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়,
অসময়ে হায় হায় কেহ কারো নয়।
কেবল ঈশ্বর এই বিশ্বপতি যিনি
সকল সময়ের বন্ধু সকলের তিনি।
৭. ভাব-সম্প্রসারণ লেখ : ১০
দেশের জন্য যাঁরা দিয়ে গেছে প্রাণ
হৃদয়ে তাঁদের স্মৃতি চির অম্লান।
৮. মনে করো, তোমার নাম জীবন। তোমার বাড়ি খুলনা সদরে। সম্প্রতি ঢাকা শহরে ডেঙ্গুজ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গুজ্বর সম্পর্কে সচেতন করে তোমার ঢাকার বন্ধু জারিফকে একটি পত্র লেখ। ১০
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২৫ বাংলা প্রশ্নের উত্তর মালা
পূর্ণমান ৬০
বাংলা
১.
ক. ii. বর্ষাকাল
খ. iv. নিসর্গ
গ. i. হিমালয়
ঘ. ii. ডালিম
ঙ. iii. বিকৃত
২.
ক) মহাপ্রাণ ধ্বনি
খ) উপকথা
গ) বিস্ময়চিহ্ন
ঘ) সংলাপ
ঙ) নবপ্রভা।
৩.
ক. জাহানারা ইমাম রচিত ‘একাত্তরের দিনগুলি’ নামক রোজনামচায় ‘১৯৭১ সালের ১৯ মার্চ দিনলিপির’ একটি ঘটনা। লেখকের পুত্র সেদিন একটি চমকপ্রদ স্টিকার বাসায় নিয়ে আসে। স্টিকারটিতে বাংলা ভাষায় লেখা- একেকটি বাংলা অক্ষর একেকটি বাঙালির জীবন। লেখক বাংলায় লেখা স্টিকার প্রথম দেখেন। তাতে তিনি বিস্মিত হন। আমাদের মাতৃভাষা বাংলা। কিন্তু এই ভাষার জন্য বাঙালি জাতিকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এমনকি জীবন বিসর্জন দিতে হয়েছে। বাঙালির জীবনে ভাষা আন্দোলনের ইতিাহস একটি গৌরবজনক ইতিহাস। বায়ান্নোর ফেব্রুয়ারি মাসে অনেকের জীবনের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষা- তথা বাংলা ভাষা। এই ভাষাকে মহিমান্বিত করার জন্য ও ভাষাশহিদদের আত্মত্যাগকে অম্লান রাখতে শিল্পী কামরুল হাসান একটি স্টিকার পরিকল্পনা ও ডিজাইন করেন। তাতে উক্ত বাক্যটি লেখা হয়। এর মধ্য দিয়ে বাংলা ভাষার একেকটি অক্ষরের পেছনে যে ভাষা আন্দোলনে আত্মদানের স্মৃতি আছে- সেটিই ব্যক্ত হয়েছে।
খ. বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে।
সাধারণ সর্বনাম:
তোমরা আমার শুভেচ্ছা গ্রহণ করো।
মানী সর্বনাম:
তিনি সকলের শ্রদ্ধার পাত্র।
ঘনিষ্ঠ সর্বনাম:
তোরা সব গেলি কোথায়?
গ. ‘সুখী মানুষ’ নাটকে এটি হাসুর সংলাপ। নাটকে মোড়ল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাকে সুস্থ করে তোরার জন্য নানাপ্রকার অষুধ দেয়া হলেও সে কিছুতেই আরোগ্য লাভ করছেনা। কারণ- মোড়ল অত্যন্ত অত্যাচারী। সে গ্রামের মানুষের ধান, চাল, গোরু লুট করে। তার মনের মধ্যে শুধু খারাপ চিন্তা। কীভাবে আরো ধন-সম্পদ বাড়ানো যায়-সেই চিন্তায় অস্থির। অর্থাৎ সে শুধু শারীরিকভাবেই অসুস্থ নয় মনের মধ্যেও তার অশান্তি। আর সে কারণেই কোনো ওষুধেই তার রোগ ভালো হচ্ছে না। রহমত যখন জানতে চায় যে মোড়লের রোগ ভালো হবে না কেন? তখন হাসু উক্ত সংলাপটি বলে।
৪. প্রমিত উচ্চারণ :
অঞ্চল (অন্চল্),
কবিতা (কোবিতা),
দেশপ্রেম (দেশোপ্রেম্),
শ্রাবণ (স্রাবোন্),
ষাণ্মাসিক (শান্ মাশিক্)।
৫. প্রমিত বানান:
বানিজ্য (বাণিজ্য),
সাবলম্বী (স্বাবলম্বী),
সক্ষতা (সখ্য)
মাধুর্য্য (মাধুর্য),
দুর্ণীতি (দুর্নীতি)।
৬। সারমর্ম:
মানুষের সুখের দিনে বন্ধু-বান্ধবের অভাব হয় না। মধুলোভী ভ্রমরের মতো বসন্তের কোকিল হয়ে এসব বন্ধুদের আগমন ঘটে। কিন্তু দুঃখের দিনে সুযোগ সন্ধানী বন্ধুরা কখনো পাশে থাকে না। তবে একমাত্র সৃষ্টিকর্তাই মানুষের সুখ-দুঃখের সার্বক্ষণিক সাথী।
৭। ভাবসম্প্রসারণ:
দেশের স্বাধীনতা ও জনগণের মুক্তির জন্য যাঁরা জীবনোৎসর্গ করেছেন তাঁদের অমর স্মৃতি কোনোদিন ম্লান হবে না। যুগে যুগে দেশের স্বাধীনতার জন্য, দেশের মানুষের মুক্তি ও কল্যাণে কত না বীর সন্তান আত্মাহুতি দিয়েছেন। তাঁরা তাদের অমূল্য জীবন অকাতরে বিলিয়ে দিয়ে দেশের স্বাধীনতা ও মুক্তি এনে দিয়েছেন। তাঁদের ঋণ কোনোদিনই শোধ হবার নয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় নিজের মাতৃভূমি তথা দেশকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত ও স্বাধীন করতে শত্রুর মোকাবেলা করে জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আমরা কোনোদিনই ভুলতে পারবো না। দেশের জন্য প্রাণ দিয়েছেন এদেশের হাজারো মানুষ। নিজেদের সুখ-সুবিধা তুচ্ছ করে শত্রুর বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁদের এই মহান আত্মত্যাগ তো অমলিন। প্রত্যেকের হৃদয়ে দেশপ্রেমের এই অমূল্য অবদান চিরজাগরুক।। যাঁরা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন তা তো অতুলনীয় আত্মত্যাগ। তাঁদের আত্মত্যাগ তো আমাদের প্রেরণা, শক্তি ও সাহস জোগায়। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অগণিত মানুষ জীবন দিয়েছেন। দীর্ঘদিন নিপীড়ন, নির্যাতন ভোগ করেছেন। অবর্ণনীয় দুঃখ-কষ্ট সয়ে দেশের স্বাধীনতা ও মুক্তি ছিনিয়ে এনেছেন। তাঁরা অমর, চিরজীবী। প্রত্যেকের মনে ও মননে তাঁদের স্মৃতি অমর ও অক্ষয়।
৮. পত্র:
প্রিয় জারিফ,
১৫ জানুয়ারি, ২০২৫ খালিশপুর, খুলনা
আমার প্রীতি ও শুভেচ্ছা নাও। আশা করি ভালো আছো। আমি সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি ঢাকা শহরে ডেঙ্গু জ্বরের প্রকোপ বিপদজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী আসছে। সরকার অবশ্য ডেঙ্গু রোগ প্রতিরোধে কার্যক্রম জোরদার করেছে। এই রোগটি শুধু ঢাকা শহরেই সীমাবদ্ধ থাকবে না। সারা বাংলাদেশেই দ্রুতই ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। তাই তোমাকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে ও সাবধানতা অবলম্বন করতে হবে। রাতে কিংবা দিনে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে নেবে। ডেঙ্গু জ্বরের বাহন এডিস মশা নিধন করতে হবে। তোমার এলাকার আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও বৃষ্টির পানি জমতে দেওয়া যাবে না। আশেপাশে ফুলের টব, টায়ার, ভাঙ্গা হাঁড়ি পাতিলে যাতে বৃষ্টির পানি জমে থাকতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শুধু নিজে নয়, পাড়া-মহল্লার জনগণকে এ ব্যাপারে সচেতন করে তুললে ডেঙ্গু জ্বরের আক্রমণ থেকে সুরক্ষিত থাকা সম্ভব। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো।
ইতি
তোমার বন্ধু
জীবন।

(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)

vai/apu, english and math question gulo dile valo hobe.
অনেক ধন্যবাদ আপনাকে।
দুঃখিত!
আমরা শুধু বাংলা নিয়ে কাজ করছি।