Cadet College admission 2021 Bangla question
ক্যাডেট কলেজ ভর্তি বাংলা প্রশ্ন ২০২১
পূর্ণমান: ৬০
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ:
(ক) মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল কেন? নিচের কোনটি দেখে-
(i) হলদে পাখি
(ii) পিঁপড়া
(iii) পিসিমা
(iv) বোলতা ভিমরুল
(খ) ‘কত কাল ধরে’ প্রবন্ধে হাজার বছর আগের বাঙালির খাদ্য তালিকায় ছিল না কোনটি?
(i) ভাত
(ii) মাছ
(iii) ডাল
(iv) শুঁটকি
(গ) “গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানোয়ার না”, উক্তিটি কার?
(i) জৈতুন বিবির
(ii) সাবুর মায়ের
(iii) পাঞ্জাবি মিলিটারির
(iv) সাবুর
(ঘ) ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতার কবি পকেট থেকে কী খুলে মনের কথা বললেন?
(i) কবিতার বই
(ii) ছড়ার বই
(iii) গল্পের বই
(iv) উপন্যাস
(ঙ) হাজার বছর আগে সাধারণ লোক —পাত্রেই রান্না করত। নিচের কোনটি শূন্যস্থানে বসবে?
(i) পাতিলের
(ii) পাথরের
(iii) মাটির
(iv) কাঁচের
(চ) ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’- কার লেখা?
(i) সৈয়দ শামসুল হক
(ii) আনিছুজ্জামান
(iii) শামসুর রাহমান
(iv) রবীন্দ্রনাথ ঠাকুর
(ছ) ‘বাঁচতে দাও’ কবিতায় মধ্য দিনে নরম ছায়ায় কোন পাখি ডাকছে?
(i) ময়না
(ii) টিয়া
(iii) দোয়েল
(iv) ঘুঘু
(জ) পাল মশাই সবার উপরে বঙ্গবন্ধুর কয়টি ছবি রেখেছিলেন?
(i) ১
(ii) ২
(iii) ৩
(iv) 8
(ঝ) মাদার তেরেসা সহায় সম্বলহীন মানুষের জন্য কলকাতায় কালিঘাটে নিচের কোন প্রতিষ্ঠানটি করেন?
(i) শিশুভবন
(ii) প্রেমনিবাস
(iii) নির্মল হৃদয়
(iv) মিশনারিজ অব চ্যারিটি
(ঞ) “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা” খাজা নাজিম উদ্দিন ঢাকায় কবে এ ঘোষণা দেন?
(i) ২৬ জানুয়ারি, ১৯৫২
(ii) ২৯ জানুয়ারি, ১৯৫২
(iii) ১৬ ফেব্রুয়ারি, ১৯৫২
(iv) ১৩ ফেব্রুয়ারি, ১৯৫২
২. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ: ২×১০=২০
(ক) উৎকর্ষ ও অনুকূল এর বিপরীত শব্দ কী?
(খ) ফলা কাকে বলে? ন-ফলা দিয়ে দুটি শব্দ লেখ।
(গ) শব্দ কাকে বলে? গঠন অনুসারে ‘ফুল’ কোন শব্দ?
(ঘ) সন্ধি কাকে বলে? সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
(ঙ) বর্ণ কাকে বলে? ‘অপরাহ্ণ’ শব্দের যুক্ত বর্ণটি বিশ্লেষণ কর।
(চ) মৌলিক স্বরধ্বনি কতটি? জিভের উচ্চতা অনুসারে ‘অ্যা’ কোন স্বরধ্বনি?
(ছ) এককথায় প্রকাশ কর:
সকলের জন্য প্রযোজ্য;
যে বিষয়ে কোনো বিতর্ক নেই।
(জ) সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে- এখানে ‘তোমায়’ কোন কারকে কোন বিভক্তি?
(ঝ) পদ কাকে বলে? নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও। এ বাক্যে ‘নরম’ কোন পদ?
(ঞ) ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত? এই বাগধারাটি ব্যবহার করে একটি বাক্য তৈরি কর।
৩. নিচে লেখক/কবিদের ছদ্মনাম/উপাধি দেয়া হয়েছে। আসল নাম লেখ: ৫
বিদ্রোহী কবি, ছন্দের জাদুকর, দাদাভাই, সব্যসাচী, বনফুল।
৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ: ৪×৩=১২
(ক) ঝিঙে ফুল প্রজাপতির ডাকে সাড়া দেয় না কেন? ব্যাখ্যা কর।
(খ) আসমানির জীবনে আনন্দ নেই কেন? ‘আসমানি’ কবিতার আলোকে ব্যাখ্যা কর।
(গ) আগের যুগে বাংলাদেশের মানুষের যাতায়াত ব্যবস্থা কেমন ছিল? ‘কত কাল ধরে’ প্রবন্ধের আলোকে লেখ।
৫. সারমর্ম লেখ:
বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি
দেশে দেশে কত না নগর রাজধানী।
মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু
কত না অজানা জীব, কত না অপরিচিত তরু
রয়ে গেলো অগোচরে, বিশাল বিশ্বের আয়োজন
মন মোর জুড়ে থাক অতি ক্ষুদ্র তারই এক কোণ।
সে ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে
অক্ষয় উৎসাহে-
যেথা পাই পিত্রময়ী বর্ণনার বাণী
কুড়াইয়া আনি।
৬. ‘মুজিববর্ষ’ শিরোনামে ১০ বাক্যে একটি অনুচ্ছেদ লেখ। ৮
ক্যাডেট কলেজ ভর্তি ২০২১ বাংলা প্রশ্নের উত্তর মালা
১.
(ক) (i) হলদে পাখি;
(খ) (iii) ডাল;
(গ) (ii) সাবুর মায়ের;
(ঘ) (ii) ছড়ার বই;
(ঙ) (iii) মাটির;
(চ) (i) সৈয়দ শামসুল হক;
(ছ) (iv) ঘুঘু;
(জ) (ii) ২;
(ঝ) (iii) নির্মল হৃদয়;
(ঞ) (i) ২৬ জানুয়ারি, ১৯৫২।
২.
(ক) উৎকর্ষ ও অনুকূল এর বিপরীত শব্দ হলো- অপকর্ষ ও প্রতিকূল।
(খ) ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্তরূপকে ফলা বলে। রত্ন, যত্ন।
(গ) এক বা একাধিক ধ্বনি পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। গঠন অনুসারে ‘ফুল’ মৌলিক শব্দ।
(ঘ) পাশাপাশি দুটি ধ্বনির বা বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়।
(ঙ) ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ‘অপরাহ্ণ’ শব্দের যুক্ত বর্ণ বিশ্লেষণ হ্ + ণ।
(চ) মৌলিক স্বরধ্বনি ৭টি। জিভের উচ্চতা অনুসারে ‘অ্যা’ হলো নিম্ন-মধ্যস্বরধ্বনি।
(ছ) সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন, যে বিষয়ে কোন বিতর্ক নেই = অবিসংবাদিত।
(জ) কর্ম কারকে ৭মী বিভক্তি।
(ঝ) বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলে। নরম- বিশেষণ পদ।
(ঞ) ‘গড্ডলিকা প্রবাহ’ বাগধারাটি অন্ধ অনুকরণ অর্থে ব্যবহৃত হয়। বাস্তবতা বুঝে চলতে হবে, গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিলে দুঃখ পেতে হয়।
৩.
বিদ্রোহী কবি- কাজী নজরুল ইসলাম।
ছন্দের জাদুকর- সত্যেন্দ্রনাথ দত্ত।
দাদাভাই- রোকনুজ্জামান খান।
সব্যসাচী- সৈয়দ শামসুল হক।
বনফুল- বলাই চাঁদ মুখোপাধ্যায়।
৪.
(ক) ঝিঙে ফুল মা-মাটির স্নেহ বুঝতে পেরেছে। তাই সে তার মা-মাটির আকর্ষণ ছেড়ে প্রজাপতির ডাকে সাড়া দেয়নি। ঝিঙে ফুল পৃথিবীর মাটিতে জন্মেছে। মাটি হতে পুষ্টি নিয়ে সে ধীরে ধীরে ডালপালা ও ফুলে সুশোভিত হয়েছে। তার অপরূপ সৌন্দর্যে সবাই মুগ্ধ। তবে মাঝে মাঝে যেন ঝিঙে ফুল অবহেলিত হয় যখন সে কড়া রোদে মাটির কোলে ঘুমিয়ে পড়ে। প্রজাপতি তাকে বোঁটা ছিড়ে আকাশে চলে আসতে বলে। কিন্তু ঝিঙে ফুল তাতে রাজি হয় না। কারণ সে তার সৌন্দর্য নিয়ে মা-মাটিকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এ জীবনই তার কাছে শান্তিময়। তাই সে প্রজাপতির ডাকে সাড়া দেয় না।
(খ) অন্ন, বস্ত্র, আশ্রয় ও রোগের কারণে আসমানির জীবনে আনন্দ নেই। পেট ভরে খেতে পারে না বলে অনাহারেই তার দিন কাটে। পরনের জন্য তার নেই ভালো কাপড়, হাজারো ছেঁড়া তালি দেয়া কাপড় পরে তার লজ্জা নিবারণ করতে হয়। তার থাকার ঘরটি ছোট, বৃষ্টি হলেই পানি পড়ে। পুকুরের পানিতে তাদের রান্না, গোসল হয় ও সেই পানি পান করতে হয়। এজন্য সে অনেক রোগে আক্রান্ত। সর্বোপরি জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ না হওয়ার কারণে তার জীবনে নেই আনন্দ, সুখ ও স্বপ্ন।
(গ) আগের যুগে বাংলাদেশের মানুষের যাতায়াত ব্যবস্থা বর্তমানের মতো উন্নত ছিলো না। সমাজের অবস্থাপন্ন লোকেরা হাতির পিঠে চড়ে কিম্বা ঘোড়ার গাড়িতে করে যাতায়াত করতো। তবে সাধারণ মানুষের যাতায়াতের প্রধান অবলম্বন ছিলো নৌকা। নৌপথে মানুষের যাতায়াত খরচ কম হতো। যেখানে নদীপথের সুবিধা ছিলো না সেখানে মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতো। গ্রামের মধ্যবিত্ত মহিলারা পালকী চড়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতো।
৫. প্রতিটি মানুষ এই বিশাল বিশ্বের জীবন প্রবাহের অংশীদার। তা সত্ত্বেও পৃথিবীর বেশিটাই তার অগোচরে থেকে যায়। বিশাল এ পৃথিবীর সকল কর্মকাণ্ডের সাথে পরিচিত হওয়া প্রতিটি মানুষের পক্ষে অসম্ভব। তারপরেও অচেনাকে চেনার, অজানাকে জানার আগ্রহ মানুষের প্রবল। তাই ভ্রমণ বৃত্তান্ত পাঠ করে সে তার ঘাটতি পূরণ করে নিতে চায়।
৬. মুজিববর্ষ
মুজিববর্ষ হলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। বাংলাদেশ সরকার ২০২০-২০২১ সালকে মুজিববর্ষ • হিসেবে পালনের ঘোষণা দেয়। প্রথমত সরকারিভাবে ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত এ বর্ষ উদযাপন করার সরকারি সিদ্ধান্ত হয়। মহামারি করোনা ভাইরাসের কারণে গ্রহণ করা কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। সেজন্য মন্ত্রিপরিষদ বিভাগ মুজিববর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়িয়েছে। অর্থাৎ মুজিববর্ষের কর্মসূচি ২০২১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশের জাতির পিতা এবং বঙ্গবন্ধুখ্যাত নেতা বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন। অপরদিকে ২০২১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার অর্ধ-শতবার্ষিকীতে পদার্পণ করবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি ওতপ্রোতভাবে জড়িত থাকায় ঘোষিত মুজিববর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
(উপকৃত হলে কিংবা কনফিউশান থাকলে দয়া করে কমেন্ট করবেন। ভুল ধরিয়ে দিতে পারলে চিরকৃতজ্ঞ থাকব। পরামর্শ দিয়ে পাশে থাকবেন, ইনশাআল্লাহ্।)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন (২০০৮-২০২৫)
এসএসসি বাংলা ২য় পত্র সকল বোর্ড প্রশ্ন ও সমাধান (২০২০-২৫)

Thank You for the questions. I am very helped by you.
অনেক অনেক ধন্যবাদ!
আল্লাহ আপনাকে সাহায্য করুক।
আপনারা কিভাবে এগুলো খুজে বের করেন?